ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ আধুনিক পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিকাঠামোর প্রধান স্থপতি, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং এসএসকেএম হাসপাতালের রূপকার প্রবীণ বিখ্যাত চিকিৎসক মণি কুমার ছেত্রী প্রয়াত। কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের চিকিৎসা মহল। পাহাড়ি শহর দার্জিলিং থেকে শুরু করে লন্ডনের রয়্যাল কলেজ পর্যন্ত তাঁর মেধার যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা আজ কয়েক প্রজন্মের চিকিৎসকদের কাছে অনুপ্রেরণা হয়ে থেকে গেল।
শোনা যায়, ১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে মণিকুমারের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, এমডি ও পরে লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর মেধা, ক্লিনিক্যাল জ্ঞান ও মানবিক বোধ তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক ছিলেন।
সামলেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও। এসএসকেএম হাসপাতালে সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। আইপিজিএমইআরে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসাবেও দায়িত্ব সামলেছেন। পরে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পান। চিকিৎসকমহলে তাঁর খ্যাতি ছিল। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান, সমৃদ্ধ হয়েছে চিকিৎসা-পরিসর। উপকৃত হয়েছেন অগণিত মানুষ।

