ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ রাজ্যের বহুচর্চিত এসআইআর মামলার শুনানিতে এক ঐতিহাসিক মোড় নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে আজ, ৬ এপ্রিল রাতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এর ফলে সোমবার রাত থেকেই রাজ্যে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাচ্ছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে লক্ষ লক্ষ ভোটারের ওপর।
নির্বাচনী সূচি অনুযায়ী, ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট মোট ১৫২টি আসনে। বিধি মেনে আজই সেই দফার ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাবে। অর্থাৎ, এই সময়ের পর আর নতুন করে কোনও নাম তোলা বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু এখানেই তৈরি হচ্ছে জটিলতা। যাঁদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই বিষয়টি আদালতে বিচারাধীন, তাঁদের ভোটাধিকার কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। নির্বাচন কমিশনের তরফেও এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা সামনে আসেনি।
জ্ঞানেশ কুমার বলেন, “নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য ভোটার তালিকার নিবিড় সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরনো তালিকা সোমবার রাত ১২টা থেকেই স্থগিত বা ফ্রিজ করা হচ্ছে, যাতে আগামী সংশোধন পর্যায়ে নতুন তথ্য অন্তর্ভুক্ত করা যায়।”
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত খসড়া তালিকার পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’হিসেবে রাখা হয়েছিল। হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা যুদ্ধকালীন তৎপরতায় এই নথি যাচাইয়ের কাজ শেষ করেছেন। এই সময়ে ভোটাররা ফর্ম ৬, ৭, ৮ ও ৮এ পূরণ করে নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়া বা সংশোধনের আবেদন করতে পারবেন। শহরের ক্ষেত্রে আবেদন অনলাইনেও করা যাবে। বাকিদের ক্ষেত্রে স্থানীয় বুথ অফিসারের মাধ্যমে জমা দেওয়া যাবে।

