কলকাতা, ৫ এপ্রিলঃ লাইট, ক্যামেরা, অ্যাকশন এখন যেন হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক মৃত্যুর পর থেকে ফুসছে টলিউড ইন্ডাস্ট্রি। এই অবস্থায় দাড়িয়ে স্টুডিও পাড়ায় সঠিক নিরাপত্তার দাবি জানিয়ে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ধারাবাহিক চলচিত্র সেটে শুটিং বন্ধ রাখার পথেই হাটল ‘আর্টিস্ট ফোরাম’ ও ‘ফেডারেশন’।
গুরুত্বপূর্ন এই বিষয় নিয়ে রবিবার বিকেলে টেকনিশিয়ানস স্টুডিওতে বসানো হয়েছিল উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্রের মতো নামী তারকারা। বৈঠকের থেকে স্পষ্ট বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে টেকনিশিয়ানস স্টুডিওতে জমায়েত করবেন শিল্পী ও কলাকুশলীরা।
প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির জানান, “শিল্পী, কলাকুশলী এবং প্রত্যেকের কাজের সময়ে সুরক্ষা দরকার। নিরাপত্তা যেন সকলের জন্য বাধ্যতামূলক হয়। কারণ প্রত্যেকে এই ঘটনা নিয়ে খুব ভীত।”
আর্টিস্ট ফোরামের পক্ষে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “নিরাপত্তার জন্য এবং আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হল। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা শুটিংয়ে বেরোচ্ছি কিন্তু ফিরতে পারব কি না বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।”
