ওয়েব নিউজ, ৬ এপ্রিলঃ কর্মক্ষেত্রে তিনি একজন পরিচায়িকা, তবে তার জীবনযাপনের কাছে লজ্জা পাবে বলিউড তারকাদের প্রতিদিনের জীবনযাপন। এই ঘটনায় সামনে আসতেই যেন চাঞ্চল্য ও তোলপাড় কান্ড! বিহারের কিষাণগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমারের বাড়িতে সম্প্রতি হানা দেয় বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার স্পেশাল টিম। তদন্ত ও অভিযান চালাতে গিয়ে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য, মহকুমা পুলিশ আধিকারিকের পরিচারিকা পারো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক।
এই পর্দার জ্বাল ফাস করতেই তদন্তকারীদের হাতে আসে একের পর তথ্য, জানা যায়, পরিচারিকা পারোর গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। তার মালদা ও উত্তর দিনাজপুরের সীমানা লাগোয়া এলাকায় প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। এখানেই শেষ নয়, সামান্য পরিচারিকা হয়েও তিনি প্রতিদিন কাজে আসতেন মাহিন্দ্রা ‘থার’ গাড়িতে চড়ে। যার দাম প্রায় ৩৫ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় ছিলেন পারো বলে জানিয়েছে তদন্তকারীরা। বস্তুত তাঁর বিভিন্ন ভাইরাল ভিডিয়ো এবং রিলসেই তাঁর এই বিপুল সম্পত্তির আভাস পেয়েছিলেন তদন্তকারীরা।
একের পর এক সূত্রের যোগ করে জানা যায়, মূলত হাজার হাজার টাকার নগদ হাতে নিয়ে পোজ় দিয়ে রিলস বা ভিডিয়ো বানাত সে। দেড় লক্ষ টাকা নগদ হাতে নিয়েও একটি রিলস বানিয়েছিলেন পারো। এছাড়া, অভিযুক্ত মহকুমা পুলিশ আধিকারিকের উপহার দেওয়া একটি দামি ‘বুলেট’ বাইক নিয়েও রিলস রয়েছে তাঁর। ওই পরিচারিকার বিপুল সোনার গয়নারও হদিস মিলেছে বলে তদন্তকারীরা। তবে তদন্ত ও তল্লাশি শুরু হতেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে সপরিবারে গা ঢাকা দিয়েছেন পারো। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ অভিযুক্ত পুলিশ আধিকারিক গৌতম কুমারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্তে কিষাণগঞ্জ, পাটনা, পূর্ণিয়া ও শিলিগুড়ি-সহ একাধিক জায়গায় একযোগে অভিযান চালায় তদন্তকারীরা। এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, আয়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ শতাংশ বেশি। বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা। শিলিগুড়িতে তাঁর একাধিক চা বাগান এবং বিভিন্ন মেট্রো শহরে একাধিক ফ্ল্যাটের হদিস মিলেছে। এই তদন্ত করতে গিয়েই তদন্তকারীদের নজর পড়েছে তাঁর পরিচারিকা, পারোর সম্পত্তির উপরে। তাঁরা খতিয়ে দেখছেন, ওই পুলিশ আধিকারিক কালো টাকা সাদা করতেই কি পরিচারিকার নামে এই বিপুল সম্পত্তি দিয়েছিলেন? তবে আগামী ৬ এপ্রিল অভিযুক্ত গৌতম কুমার ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।
